খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি
মো: আল-মাহফুজ শাওন
দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান -এ হামলা ও সাংবাদিকদের হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিক ও গণমাধ্যমকর্মীরা। তারা বলেছেন, প্রেসক্লাবের মতো পেশাজীবী প্রতিষ্ঠানে হামলা হলে সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।
সোমবার (২৭ এপ্রিল) প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। রবিবার প্রেসক্লাবে দুর্বৃত্তদের অনাধিকার প্রবেশ, সভাপতি প্রার্থীকে হুমকি এবং সাধারণ সম্পাদক প্রার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের চিহ্নিত ব্যক্তিরা প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি প্রার্থী ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারকে খোঁজাখুঁজি ও হুমকি দেয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী ও ‘সময়ের খবর’-এর সম্পাদক তরিকুল ইসলামকে লাঞ্ছিত ও গালিগালাজ করা হয়, যা আসন্ন নির্বাচনকে হুমকির মুখে ফেলেছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেন।