রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা ও র‍্যালি

Admin ২৭ April ২০২৬ · Monday · ১২:০৯ অপরাহ্ণ
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা ও র‍্যালি
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা ও র‍্যালি

মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধি | 
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক বর্ণাঢ্য সভা ও র‍্যালির আয়োজন করেছে ভোলা জেলা পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, “নিজেদেরকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোন ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
তিনি আরও জানান, দেশে ক্রমবর্ধমান মাদকাসক্তি একটি বড় সামাজিক সংকট। বর্তমানে প্রায় ৮২ লক্ষ মাদকাসক্তের মধ্যে ৯০ শতাংশই তরুণ—যা জাতির ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগজনক। এ অবস্থায় তরুণদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে পুলিশ সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে মাদক ও সাইবার অপরাধ বিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন