সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সারাদেশ

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৭:০৫ পূর্বাহ্ণ
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জামাল উদ্দিন , স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকাল  শহরে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ভার্চুয়াল কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ক্রীড়াই হবে সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ।

কিশোরগঞ্জ শহরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পাশাপাশি জেলার বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, কোচ ও সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ র‍্যালিটিকে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।

দিবসটির মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে র‍্যালির পাশাপাশি আলোচনা সভা এবং জাতীয় ক্রীড়া অফিস, ঢাকা থেকে ভার্চুয়াল আলোচনা সম্প্রচার করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা। তিনি বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। একটি মাদকমুক্ত, সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, খেলাধুলা এমন একটি ক্ষেত্র যেখানে কোনো বিভেদ নেই—এখানে রয়েছে শুধু ঐক্য ও সহমর্মিতা। একটি ক্রীড়াবান্ধব দেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।”তিনি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচিতেও সংশ্লিষ্ট সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা ক্রীড়ার উপদেষ্টা ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিয়া, জেলা ফুটবল লীগের কোচ হুমায়ুন কবির, ( আমির )ক্রিকেট কোচ কমল ঘোষ, হকি কোচ মো. রিপেল হাসান, ভারোত্তোলন কোচ মো. আজহারুল ইসলাম, অ্যাথলেটিক্স কোচ মো. আব্দুল জব্বার, জেলা সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো. আশরাফুল ইসলাম এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেকসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

জেলা প্রশাসক জানান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

এদিকে জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, তিনি গত ১ এপ্রিল কিশোরগঞ্জে নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং নিজেও একজন ক্রীড়াপ্রেমী। তিনি জাতীয় পর্যায়ের  ৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মের অনেক শিশু মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, যা উদ্বেগজনক। তাদের মাঠমুখী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে মাঠে এসে খেলাধুলায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে হবে।

উৎসবমুখর পরিবেশে উদযাপিত এই দিবস কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বরিশাল উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভাগাতে সক্রিয় দালালচক্র

বরিশাল উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভাগাতে সক্রিয় দালালচক্র

সবুজ হাওলাদার,উজিরপুর উপজেলা প্রতিনিধিবরিশালের উজিরপুর উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের স্বা...

২০ April ২০২৬ · Monday · ১০:৩৯ পূর্বাহ্ণ
তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল থেকে:কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন কর...

২০ April ২০২৬ · Monday · ১০:৩৬ পূর্বাহ্ণ