ভাঙ্গুড়ায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় অভিযোগ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান এলাকায় জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, মারধর ও আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জিলহক সরকার ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১১ জুন বিকেলে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জিলহক সরকারের ছেলে লিটনের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যরাও হামলার শিকার হন।
ভুক্তভোগীর অভিযোগ, বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় আবুল কালাম, বাবলু, ইমন, হৃদয়সহ কয়েকজনকে অভিযুক্ত করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. জিলহক সরকার বলেন, “জমির ধান কাটাকে কেন্দ্র করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি ও আমার পরিবারের সদস্যরা আহত হয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”