তাড়াইলে ইসলাহুল মুসলিমীন পরিষদের অফিসে তালা, থানায় লিখিত অভিযোগ
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের অফিসে বেআইনিভাবে প্রবেশ করে তালা ভেঙে নতুন তালা লাগানো এবং জেলা সমন্বয়ক আবু তাহেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ নিজামী নামের এক ব্যাক্তিকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তাড়াইল থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার ১৫ জুলাই সকাল ১০টায় তাড়াইল উপজেলার ইছাপশর-বেলংকা গ্রামের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসার নিচতলায় অবস্থিত ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার অফিসে তার সহোদর ভাই আবু সাঈদ নিজামী এবং আলী হোসেন অনধিকারভাবে প্রবেশ করে পূর্বের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, অফিসের ভেতরে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, পারিবারিক ও অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নগদ অর্থ রয়েছে। বাদী আবু তাহেরের দাবি, তিনি ও স্থানীয় কয়েকজন সাক্ষী অফিসটি খুলতে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে তিনি তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে অভিযোগে উত্থাপিত বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ইছাপশর গ্রামের বাসিন্দা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক আবু তাহের এর অফিসে তালা দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়ে লিখিত অভিযোগটি পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেয়া হবে।