মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো. জাহেদুল আলম জাহাঙ্গীরকে স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
শনিবার, ২৫ জুলাই বিকেলে মিঠামইন উপজেলার বালুর মাঠে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাহাঙ্গীর আমার ছেলের মতো ছিল। এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে আমি সংসদ সদস্য পদ ছেড়ে দেব। প্রশাসনকে ১৫ দিনের সময় দিচ্ছি, এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।”
মরহুম জাহেদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত শোকসভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়াসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা মরহুম জাহেদুল আলম জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শোকসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ,স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন মো. জাহেদুল আলম জাহাঙ্গীর। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে হাদিস মিয়া নামে অপর এক বিএনপি কর্মী গুরুতর আহত হন।