কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে অনুষ্ঠানস্থল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি:
আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি।
রবিবার (২৬ জুলাই) বিকালে কটিয়াদী উপজেলার আচমিতা কার্প হ্যাচারি কমপ্লেক্স, বেতালের ডোবা (জলাশয়), জনসভাস্থল হিসেবে নির্ধারিত কটিয়াদী কলেজ মাঠ, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আচমিতা খেলার মাঠ পরিদর্শন করেন তারা।
এ সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আশফাক আহমেদ জুন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ,কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এবং জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কিশোরগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, জাতীয় মৎস্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কটিয়াদী সফর করবেন।