মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৮ July ২০২৬ · Tuesday · ০৭:০৮ অপরাহ্ণ
বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার ২৮ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। এতে ২২টি বিভাগের ১৭তম ও ১৮তম ব্যাচের শ্রেণী প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, র‌্যাগিং একটি অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র‌্যাগিং, মানসিক হয়রানি কিংবা বৈষম্যমূলক আচরণের কোনো স্থান নেই| তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বন্ধুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে| র‌্যাগিং-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে| তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা বা অভিযোগ নির্ভয়ে প্রশাসনকে জানাতে হবে এবং সবাইকে সচেতন থেকে র‌্যাগিং প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভা শেষে ৬টি অনুষদের ১৭তম ব্যাচের ৬ জন শিক্ষার্থী এবং ১৮তম ব্যাচের ৬ জন শিক্ষার্থীকে নিয়ে পৃথক দুটি র‌্যাগিং প্রতিরোধ কমিটি গঠন করা হয়| নবীন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, র‌্যাগিং প্রতিরোধে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এসব কমিটি কাজ করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন