কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে পরিবর্তন এনে নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরিনকে।
মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনটির সদ্য সাবেক আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষক সমিতির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতে থাকা অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় শিক্ষক সমিতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে শিক্ষক সমিতির এক সভায় নতুন আহ্বায়ক হিসেবে শামীমা নাসরিনকে দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব হস্তান্তরের বিষয়ে সদ্য সাবেক আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘আমি আগে শিক্ষক সমিতির আহ্বায়ক ছিলাম। যেহেতু এখন আমি উপ-উপাচার্যের দায়িত্বে আছি, তাই শিক্ষক সমিতিতে থাকা সম্ভব নয়। এ কারণে শিক্ষক সমিতির একটি সভায় শামীমা নাসরিনকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।’
নতুন দায়িত্ব পেয়ে সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, “শিক্ষক সমিতির কার্যক্রম যেভাবে পরিচালিত হয়ে আসছে, সেভাবেই চলবে। শিক্ষকদের বিভিন্ন বিষয় ও সমস্যাগুলো কমিটির কাছে আসবে, আমরা সেগুলো উপাচার্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করব।”
তিনি আরও বলেন, ‘শিক্ষক সমিতি মানেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক। এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো আলাদা অবস্থান নেই। শিক্ষকদের যে-কোনো বিষয়ই আমাদের বিষয়। সেগুলোর সমাধানে কাজ করাই শিক্ষক সমিতির দায়িত্ব এবং আমরা সেই কাজই করে যাব।’