কেএমপির দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
আল-মাহফুজ শাওন:
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর উদ্যোগে নারী পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা, পেশাগত দক্ষতা ও মানবিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী **‘মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’** সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) বয়রাস্থ পুলিশ লাইন্সের লাউঞ্জ-২-এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার **মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা** সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে, কর্মশালার উদ্বোধনী দিনে (২৮ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা** **একে এম আওলাদ হোসেন**। তিনি তাঁর বক্তব্যে নারী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই কর্মক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পরিস্থিতি ধৈর্য, সহনশীলতা এবং পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নারী ও শিশু ভুক্তভোগীদের প্রতি মানবিক, সংবেদনশীল ও সহমর্মিতাপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত আইজিপি পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি আত্মউন্নয়ন, মানসিক সুস্থতা ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি প্রশিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা বাস্তব কর্মজীবনে প্রয়োগ করে একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক পুলিশ সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি **“মানবিক পরিচর্যায় গড়ি সুন্দর বাংলাদেশ”** প্রতিপাদ্যকে সামনে রেখে কেএমপি কমিশনারের উদ্যোগে আয়োজিত এ সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালার ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে দেশব্যাপী অনুসরণযোগ্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি **মো. মোস্তাফিজুর রহমান**, পিটিসি খুলনার কমান্ড্যান্ট **এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী**, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) **মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা**, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) **এম. এম. শাকিলুজ্জামান**, সিইও **জারিন জেবা খান**, কো-অর্ডিনেটর **মোছাম্মৎ বিউটি কুইন**সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমাপনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার **মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা** প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে আরও মানবিক, সংবেদনশীল ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে দক্ষতা ও মানবিক আচরণের কোনো বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।