বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সম্পাদকীয়

"সংকটে বাংলাদেশের অর্থনীতি: চ্যালেঞ্জ জয় ও সম্ভাবনার নতুন দিগন্ত"

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৩:৩৮ অপরাহ্ণ
"সংকটে বাংলাদেশের অর্থনীতি: চ্যালেঞ্জ জয় ও সম্ভাবনার নতুন দিগন্ত"

বৈশ্বিক অনিশ্চয়তা আর অভ্যন্তরীণ কাঠামোগত সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আজ এক জটিল বাঁকে দাঁড়িয়ে। মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, খেলাপি ঋণ, আর কর্মসংস্থানের চাপ এই চ্যালেঞ্জগুলো যেমন বাস্তব, তেমনি তরুণ জনগোষ্ঠী, রপ্তানি বহুমুখীকরণ আর ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাও কম নয়। সংকটকে সুযোগে রূপান্তরিত করতে হলে প্রয়োজন সুশাসন, দূরদর্শী নীতিনির্ধারণ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো। নতুন সরকারের সামনে এই চ্যালেঞ্জ ও সম্ভাবনার নানামাত্রিক চিত্র তুলে ধরেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ তায়ীম খান।

"সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা "
মোঃ ইমন হোসেন, 
সভাপতি, 
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা।

বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো একটি টেকসই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রথমত, আমদানিকৃত মুদ্রাস্ফীতি ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করে নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রার মান সুরক্ষা করা (যেমন: টিসিবির মাধ্যমে ফ্যামিলি কার্ডের আওতা বাড়িয়ে বাজারমূল্যকে সহনীয় রাখা)। দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রার তারল্য সংকট কাটিয়ে উঠতে হুন্ডি বন্ধ করা এবং রেমিট্যান্স প্রবাহকে আনুষ্ঠানিক চ্যানেলে আনা অপরিহার্য। তৃতীয়ত, ব্যাংকিং খাতে “কাঠামোগত সংস্কার বা Structural Reform” এর মাধ্যমে তারল্য সংকট ও খেলাপি ঋণের সংস্কৃতি দূর করা না গেলে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়ার ঝুঁকি থাকে। চতুর্থত, কর-জিডিপি অনুপাত বাড়াতে গিয়ে সাধারণের ওপর বোঝা না চাপিয়ে উচ্চবিত্তের রাজস্ব ফাঁকি রোধ করা (যেমন: ডিজিটাল ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক করা)। পরিশেষে, শিল্প খাতে বিদেশি বিনিয়োগকারীদের (FDI) আস্থা ফেরাতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে গুণগত কর্মসংস্থান সৃষ্টি করাই হবে অর্থনীতির সবচে বড় চ্যালেঞ্জ। 

বাংলাদেশের অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা ও সুযোগসমূহ একটি গতিশীল ও বহুমুখী প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। প্রথমত, ডিজিটাল ও আইটি সেক্টরের বিকাশ এবং ফ্রিল্যান্সিংয়ে তরুণদের সাফল্য ডিজিটাল অর্থনীতিকে সমৃদ্ধ করছে (যেমন: হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগ বৃদ্ধি)। দ্বিতীয়ত, একক রপ্তানি পণ্য হিসেবে পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণ (যেমন: বিশ্ববাজারে ওষুধ ও প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্যের চাহিদা ধরা) নতুন আয় নিশ্চিত করছে। তৃতীয়ত, পদ্মা সেতু বা মেট্রোরেলের মতো বৃহৎ অবকাঠামো, যোগাযোগ ও বাণিজ্যের যে নেটওয়ার্ক তৈরি করেছে, তা দীর্ঘমেয়াদী জিডিপি প্রবৃদ্ধিতে জ্বালানি হিসেবে কাজ করবে। চতুর্থত, বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দক্ষ জনশক্তিতে রূপান্তর করে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। পরিশেষে, বঙ্গোপসাগরের নীল অর্থনীতি ও পর্যটন শিল্প (যেমন: সমুদ্রতলদেশের খনিজ ও গভীর সমুদ্রে মৎস্য আহরণ) দেশের ভবিষ্যতের জন্য এক অনন্য অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করেছে।

 


"সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা "
নাঈমা সুলতানা, 
শিক্ষার্থী, 
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, 
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েন, ভূরাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি বাজারের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি আজ এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মুদ্রাস্ফীতি, ডলারের সংকট, বৈদেশিক রিজার্ভের চাপ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জগুলো শুধুই সাময়িক সংকট নয়; বরং এগুলো প্রচলিত কাঠামোগত দুর্বলতার চিত্র তুলে ধরে। এরূপ বাস্তবতায় তাই সরকারের করণীয় হতে হবে সুসংগঠিত, বাস্তবভিত্তিক এবং দূরদর্শিতাপূর্ণ।

প্রথমত, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-নির্ভরতা কমিয়ে একটি টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। সৌরবিদ্যুৎ, ছাদভিত্তিক সোলার গ্রিড এবং বায়ুশক্তির সম্প্রসারণ অর্থাৎ নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রের পাশাপাশি গ্যাস অনুসন্ধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিদ্যুৎ খাতে অপচয় ও সিস্টেম লস কমিয়ে দক্ষতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ত, রাজস্ব খাতে কাঠামোগত সংস্কার আনতে হবে। কর-জিডিপি অনুপাত বাড়াতে করজালের বিস্তৃতি, ডিজিটাল কর ব্যবস্থাপনা এবং কর ফাঁকি রোধে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একইসাথে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের স্বচ্ছতা আনতে হবে, যা অর্থনীতিতে জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতেও সহায়ক।

তৃতীয়ত, রপ্তানি বহুমুখীকরণ ও শিল্পায়নের গতি ত্বরান্বিত করতে সরকারকে নীতিগত সহায়তা ও প্রণোদনা বাড়াতে হবে। তৈরি পোশাক খাতের বাইরেও আইটি, ফার্মাসিউটিক্যালস, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প এবং স্টার্টআপ ইকোসিস্টেমে বিনিয়োগ বাড়ানো জরুরি৷ এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক আয় বাড়বে।

চতুর্থত, সামাজিক সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলা, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করবে। কারিগরি শিক্ষা ও ক্ষুদ্র শিল্পের প্রসার বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে। 

নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে সরকারের এসকল চ্যালেঞ্জই হতে পারে অর্থনৈতিক অগ্রগতির বড় হাতিয়ার। একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনৈতিক রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ এই সংকটকাল অতিক্রম করে সম্ভাবনার নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।

 

"নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা "
আজিজুর রহমান শান্ত 
শিক্ষার্থী,
ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২০২৬ সালে গঠিত বাংলাদেশের নতুন সরকারের সামনে যেমন কঠিন বাস্তবতা, তেমনি রয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর এই সরকার একদিকে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকট মোকাবিলার চাপে রয়েছে, অন্যদিকে “নতুন বাংলাদেশ” গড়ার একটি ঐতিহাসিক সুযোগও পেয়েছে।
নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ
অর্থনৈতিক স্থিতিশীলতা:
বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো লাগামহীন মূল্যস্ফীতি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজার সিন্ডিকেটের প্রভাব, যা বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করছে।
এছাড়া ব্যাংকিং খাতের দুর্বলতা—বিশেষ করে ঋণ খেলাপি ও অর্থপাচার—অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। এই পরিস্থিতিতে ব্যাংক খাতের সংস্কার ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট:
জ্বালানি সংকট শিল্প উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলছে। উচ্চমূল্যে জ্বালানি আমদানি দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। এই সংকট নিরসনে দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি গ্রহণ অপরিহার্য।
আইনশৃঙ্খলা ও দুর্নীতি:
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। দুর্নীতি, ঘুষ ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এই খাতে কার্যকর সংস্কার প্রয়োজন।
কর্মসংস্থান ও বিনিয়োগ:
প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ কর্মবাজারে প্রবেশ করছে, কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। শিক্ষিত বেকারত্ব বাড়ছে। নতুন বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়ন বৃদ্ধি ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।
রাজনীতি ও ভূ-রাজনীতি:
“বাংলাদেশ ফার্স্ট” নীতি অনুসরণ করে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা সরকারের জন্য একটি বড় পরীক্ষা। বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা করা জরুরি।
নতুন সরকারের সম্ভাবনা
চ্যালেঞ্জের পাশাপাশি নতুন সরকারের সামনে রয়েছে বড় ধরনের সম্ভাবনা, যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের ভবিষ্যৎ বদলে যেতে পারে।
গণতান্ত্রিক স্থিতিশীলতা ও সুশাসন:
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসায় সরকারের প্রতি একটি জনসমর্থন তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব। দীর্ঘমেয়াদে এটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।
অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগ বৃদ্ধি:
ব্যাংকিং খাত সংস্কার, মুদ্রানীতিতে শৃঙ্খলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। সঠিক নীতি গ্রহণ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার সম্ভব।
তরুণ জনগোষ্ঠীর শক্তি:
বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো এর তরুণ জনগোষ্ঠী। পরিকল্পিতভাবে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা গেলে এই তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। এতে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি অর্থনীতিও শক্তিশালী হবে।
রপ্তানি বহুমুখীকরণ ও এলডিসি উত্তরণ:
২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। এটি আন্তর্জাতিক বাজারে দেশের মর্যাদা বাড়াবে। তৈরি পোশাক খাতের বাইরে নতুন রপ্তানি খাত গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
কূটনৈতিক ভারসাম্য:
আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। “বাংলাদেশ ফার্স্ট” নীতি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে  ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল বিদ...

১৫ April ২০২৬ · Wednesday · ০৪:৪১ অপরাহ্ণ
তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

শ.ম সানজিদুল হক,স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ:কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে...

১৫ April ২০২৬ · Wednesday · ০৪:৩৯ অপরাহ্ণ
আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ:সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ:সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত

সামরুল হক, স্টাফ রিপোর্টার,ঢাকা |বাংলাদেশ পুলিশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা...

১৫ April ২০২৬ · Wednesday · ০২:৩৪ অপরাহ্ণ