বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৮:৪৬ অপরাহ্ণ
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর এলাকার সি-স্পোর্টস জোনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

জানা গেছে, শনিবার (১ আগস্ট)  সকালে নয় বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন অক্ষর সৌভিক। দুপুরে তারা দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে যান। একপর্যায়ে প্যারাসেইলিং করার সময় তিনি সমুদ্রে ছিটকে পড়ে পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে ওই পর্যটককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মো. ফরিদের মালিকানাধীন দরিয়ানগর এলাকার ওই সি-স্পোর্টস প্রতিষ্ঠানে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও কয়েকদিন পর তা আবার চালু করা হয় বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ দুর্ঘটনার পরও সেখানে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন