খুলনায় প্রকাশ্যে যুবককে কু/পিয়ে জ/খম, হাম/লাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান
মো: আল-মাহফুজ শাওন ,খুলনা:
খুলনা মহানগরীর লবণচরা থানার চুমকি সড়ক এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমান ওরফে সুমন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত সুমন নগরীর জিন্নাহপাড়ার আমিন সড়ক এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে সুমন চুমকি সড়ক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ঘটনার খবর পেয়ে লবণচরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, যুবককে কুপিয়ে আহত করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।