মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার

অনলাইন ডেস্ক ১০ August ২০২৬ · Monday · ০৬:০৮ অপরাহ্ণ
কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার

অজয় সরকার ঝুটন, গাজীপুর:

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রজ’ ব্যবহার করে জিলাপি তৈরি এবং ভেজাল মধু বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রবিবার (৯ আগস্ট) দুপুরে ওই এলাকায় বাজার তদারকিমূলক এক বিশেষ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কোনাবাড়ি বাজারের কয়েকটি মিষ্টির দোকান ও মুদি সামগ্রীর প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় দেখা যায়, একটি কারখানায় জিলাপি মচমচে ও আকর্ষণীয় করতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রজ’ মেশানো হচ্ছে। এছাড়া অন্য দুটি প্রতিষ্ঠানে খাঁটি মধুর নামে চিনি ও কৃত্রিম রাসায়নিক মিশ্রিত ভেজাল মধু সাধারণ ক্রেতাদের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল।

জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থলেই জব্দকৃত বিষাক্ত হাইড্রজ ও ভেজাল মধু জনসম্মুখে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সাংবাদিকদের জানান, “জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের নিয়মিত তদারকি চলছে। অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে খাদ্যে বিষ মেশাচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে গাজীপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন