রামগতির মেঘনা নদী থেকে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের লাশ
রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে ভেসে উঠলো ৩০ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরের দশদাগ নামক এলাকায় লাশটি নদীর জোয়ারে ভেসে আসে।
স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে নদীতে জোয়ার আসে। এসময় পানির উচ্চতা অনেক বেড়ে যায়। ঘন্টাখানেক পরে নদীতে ভাটা দেখা দিলে বয়ারচরের দশদাগ স্কুলের পাশে মেঘনার তীরে লাশটি পড়ে থাকতে দেখেন তারা। লাশ দেখে তারা স্থানীয় নৌ-পুলিশকে খবর দেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি অজ্ঞাত হওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, লাশটির পরিচয় জানতে পার্শ্ববর্তী নোয়াখালীর হাতিয়া নৌ-পুলিশকে জানানো হয়েছে।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সফিকুল ইসলাম প্রতিদিনের সময়কে বলেন, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে তারা অজ্ঞাত লাশটির খবর পেয়েছেন। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।