কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে ৪ হাজার ৫শ ৩৯টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ভিজিএফ কর্মসূচীর আওতায় মোট ৪৫.৩৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়ন ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
চাল বিতরণে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা.মুহম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, সিনিয়র সহ সভাপতি মাসুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নাজমুল হক সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
চাল বিতরণকালে অতিথিরা বলেন, 'পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিতে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল উপকারভোগীর হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে'।