কটিয়াদীতে দিনের বেলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,আতঙ্কে পরিবার
এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দিনেরবেলায় এক প্রবাসীর বাড়িতে চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৮মে) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়ার সৌদি প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । এ ঘটনায় পুরো এলাকায় সবার মাঝে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি,এটি কোনো সাধারণ চুরি নয়; বরং পরিকল্পিতভাবে একটি ডাকাতির ঘটনা। দিনের বেলায় এমন ভয়ংকর ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রাও।
জানা যায়, সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার সকালে দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। গ্রামাঞ্চলের পরিবেশ ও আশপাশ পরিচিত হওয়ায় তিনি বিল্ডিং ঘরের মূল গেট ও দরজা খোলা রেখেই রান্না করছিলেন। ঠিক সেই সুযোগেই অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে।
ভুক্তভোগী শিউলী আক্তারের ভাষ্যমতে, হঠাৎ পিছন দিক থেকে কয়েকজন এসে তার মাথা ও মুখ বস্তা দিয়ে ঢেকে ফেলে। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর করা হয়। এসময় আতঙ্কে তিনি প্রাণভিক্ষা চান। কিন্তু দুর্বৃত্তরা কোনো দয়া দেখায়নি।
পরিবারের দাবি, একজন তার হাত শক্ত করে বেঁধে রাখে, আরেকজন মুখ চেপে ধরে রাখে। পরে ঘরের ড্রয়ার, আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এবং প্রায় এগারো ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় চক্রটি।
ঘটনার সময় আশপাশে তেমন কেউ না থাকায় দুর্বৃত্তরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হয় বলে ধারণা করা হচ্ছে। পরে শিউলী আক্তারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
প্রবাসীর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন,“এটা কোনো সাধারণ চুরি না। দিনে দুপুরে এভাবে বাড়িতে ঢুকে মানুষকে বেঁধে মারধর করে টাকা-স্বর্ণ নিয়ে যাওয়া স্পষ্ট ডাকাতি। আমরা পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় আছি।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, দিনের আলোতে এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক এবং ন্যাক্কারজনক। বিশেষ করে প্রবাসীদের বাড়িগুলোকে টার্গেট করে সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এলাকাবাসী দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানান।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন,এটি মূলত ডাকাতি নয়, এরকম ঘটনাকে এক প্রকার দস্যুতা বললেই চলে।এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা অভিযোগ পেয়ে পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।