কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি
কিশোরগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভাগুলোকে ঘিরে হামলার আশঙ্কার কথা জানিয়েছে দলটি। কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান এনসিপির জেলা নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় তাড়াইল, বিকেল ৫টায় করিমগঞ্জ এবং সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান বলেন, ‘আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে হামলার আশঙ্কা রয়েছে। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে হামলার সম্ভাবনা রয়েছে। তারা অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। বিদেশ থেকেও অনেকে উসকানি দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের সাবেক কিছু কেন্দ্রীয় নেতাও উসকানি দিচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আগেও জানিয়েছিলাম, আবারও আনুষ্ঠানিকভাবে জানাব। এসব তথ্য কতটুকু সঠিক, তা যাচাই করার দায়িত্ব প্রশাসন ও গোয়েন্দা সংস্থার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’
আহনাফ সাঈদ খান বলেন, ‘কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, কেউ যদি দমন-পীড়নের চেষ্টা করে, আমরা তার সমুচিত জবাব দেব।’
তিনি বলেন, কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয়ভাবেও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।