রংপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৪
সাজ্জাদ হোসেন বাপ্পী,রংপুর প্রতিনিধি ॥ রংপুর মহানগর ২৪ নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানকে কুপিয়ে হত্যা, বাড়ি ও দোকানপাটে হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর নুরপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মোঃ শান্ত (২১), কামাল কাছনা এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে আশিক ইসলাম (২১) ও মোঃ রাতুল ইসলাম (২০) এবং মামুনুর রশীদের ছেলে নাহিদ ইসলাম নিলয় (২৩)।
পুলিশ জানায়, মাদক বিক্রিতে বাধা দেওয়া ও পূর্ব শত্রুতার জেরে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নগরীর মাছুয়াপাড়া যুবদল নেতা রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ী মমিন ও তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে মমিনসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
রাকিব হত্যার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে নগরীর মাছুয়াপাড়ার ২টি বাড়ি ও ১০টি দোকান ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল্লাহ বিন কাশেম বাদী হয়ে থানায় মামলা করেন।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (সিটিএসবি) কমিশনার হাবিবুর রহমান জানান, বর্তমানে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। হত্যার পেছনের প্রধান কারণ কি এবং কারা কারা এই হত্যার সাথে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।#