কিশোরগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জামাল উদ্দিন,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১২ এপ্রিল ) বিকাল ৫ টায় জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবী সংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন।
এসময় তারা “গণভোটের রায় অমান্য করা চলবে না' জাস্টিস ফর হাদী' বিচার বিভাগ স্বাধীন করতে হবে' এবং 'জুলাই সনদ বাস্তবায়ন চাই' সহ নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং ঘোষিত দাবিগুলো দ্রুত পূরণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রসমাজ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ এবং ১৯৯০ সালের আন্দোলনে ছাত্রদের অবদান বারবার প্রমাণিত হয়েছে।
তারা সতর্ক করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে আবারও রাজপথে নামতে বাধ্য হবেন।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী,সাবেক জেলা আমীর অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া,জেলা জামায়াতের সেক্রেটারি মো. নাজমুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালিদ হাসান জুম্মন, জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি মো. মিজবা উদ্দিন,জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন,ফয়সাল প্রিন্স,বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির সহ আরও অনেকে।
সমাবেশ থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।