খুলনায় নতুন এসপি তাজুল ইসলাম, ছয় কর্মকর্তার বদলি
মো: আল-মাহফুজ শাওন
খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে শেরপুর ও নাটোরসহ বিভিন্ন জেলায় এসপি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। কেএমপির ডিসি মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, খুলনা জেলার বর্তমান এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে। ডিএমপির ডিসি এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নাটোর জেলার এসপি মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে বদলি করা হয়েছে এবং পিবিআইয়ের এসপি মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।