খুলনার মসজিদে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী
মো: আল-মাহফুজ শাওন খুলনা খুলনা নগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৪ জুন) দলের সেক্রেটারি জেনারেল এক বিবৃতিতে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে খুলনা নগরীর দৌলতপুরের বিএল (ব্রজলাল) কলেজ রোড এলাকায় অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালায়। এ ধরনের হত্যাচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক, ন্যাক্কারজনক এবং সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে তিনি বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলা অত্যন্ত দুঃসাহসিক, বর্বর ও ষড়যন্ত্রমূলক ঘটনা। এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং সাধারণ মুসল্লি আলম শেখ (৫৫)। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি গুলিবিদ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিবৃতির শেষাংশে মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।