ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে বাবুল-তোজাম পরিষদ জয়ী
হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয়ী হয়েছে বাবুল-তোজাম পরিষদ। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে নির্বাচন কমিশন কতৃক ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
জানা যায়, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে রাত সাড়ে দশটার সময় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা দেয়। এ নির্বাচনে
মোট ১৫টি পদের বিপরীতে লড়েছেন ৩০জন প্রার্থী। এবং ১৫টি পদের ১৪টিতে বিজয়ী হয়েছেন বাবুল তোজাম পরিষদ। এবং একটিতে জয় পেয়েছে রিপু-লতিফ পরিষদ।
অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, সভাপতি পদে আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক পদে তোজাম্মেল হক তোজাম, সহ-সভাপতি পদে ইয়ারুল ইসলাম ও ড. মোঃ ওয়াহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আরিফ হোসেন, সাংস্কৃতিক-সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুলতানা পারভীন, এবং সদস্য পদে শহিদুল ইসলাম, আবু জাফর, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান ও আমিরুল ইসলাম ইসলাম নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, রিপু লতিফ পরিষদ থেকে একমাত্র সদস্য হিসেবে জয়ী হয়েছেন জাকির হোসেন।
এ ব্যাপারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, এই জয় সাধারণ কর্মকর্তাদের জয়। আমরা যে ইশতেহার দিয়েছি, তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করবো।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল বলেন, "দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। সাধারণ কর্মকর্তাদের এই স্বতঃস্ফূর্ত রায় প্রমাণ করে তারা পরিবর্তন এবং অধিকার নিশ্চিত করতে উন্মুখ ছিলেন। আমাদের প্রথম কাজ হবে কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৬২ বছর নিশ্চিত করা। আমরা দলমত নির্বিশেষে কর্মকর্তা সমিতিকে সবার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবো।