স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে প্রচারণায় প্রার্থীর স্ত্রী-কন্যা, নারী ভোটে জোর
জাহিদুল হক মনির,শেরপুর প্রতিনিধি
প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে দিন যত এগোচ্ছে, ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও মাঠে নেমেছেন ভোটারদের দ্বারে দ্বারে।
এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলের সহধর্মিনী ফরিদা হক ও তাঁদের একমাত্র কন্যা রুবাইদা হক রিমঝিম নারী ভোটারদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদা হক ও রুবাইদা হক রিমঝিম প্রতিদিন মহিলা দলের নেত্রী ও কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নিচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তাঁদের এই প্রচারণায় স্থানীয় নারী সমর্থকদের অংশগ্রহণও বাড়ছে।
প্রচারাভিযান সম্পর্কে ফরিদা হক বলেন,
আমরা নারী ভোটারদের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনছি এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
এ বিষয়ে রুবাইদা হক রিমঝিম বলেন,
নারীরা এখন সচেতন। আমরা প্রত্যন্ত গ্রামে গিয়ে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলছি এবং উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত এবং পরে নির্বাচন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়।
১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্রার্থীর গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিচ্ছেন স্থানীয় ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের সক্রিয় উপস্থিতি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।