নলডাঙ্গায় খাজুরা ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া, পাকা রাস্তার কাজের শুভ সূচনা
নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পাকা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কের উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বুলবুল বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন একটি এলাকার সামগ্রিক অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। একটি ভালো সড়ক শুধু মানুষের যাতায়াত সহজ করে না, বরং শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সড়ক নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।”
তিনি আরও বলেন, “জনগণের কল্যাণে ও এলাকার উন্নয়নে বিএনপির নেতাকর্মীরা সবসময় কাজ করে যাচ্ছে। মানুষের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ এ হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম ভূট্টু, বিএনপি নেতা আব্দুল সালাম, বিএনপি নেতা বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। বর্ষা মৌসুমে কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত, ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। সড়কটি পাকাকরণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে।
পরে সড়ক নির্মাণকাজের সফল বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে সড়ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হলে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।