ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির নতুন কমান্ড্যান্ট ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা
অজয় সরকার ঝুটন,গাজীপুর
গাজীপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি' (IMA)-র কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ মেরিনার ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন পরে ১৯৯০ সালে চট্টগ্রাম মেরিন একাডেমির ২৬তম ব্যাচের ক্যাডেট হিসেবে তার সমুদ্রযাত্রা শুরু করেন। দীর্ঘ ১৮ বছরের সমুদ্র জীবনে তিনি হংকং এবং সিঙ্গাপুর ভিত্তিক বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিতে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। বিশেষ করে কেমিক্যাল ট্যাঙ্কার এবং ওয়েল ট্যাঙ্কার পরিচালনার ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ ১৫ বছরের বিশেষায়িত অভিজ্ঞতা।
২০১৫ সালে তিনি ইন্সট্রাক্টর হিসেবে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমিতে যোগ দেন। অভিজ্ঞ এই মেরিনার কেবল সমুদ্রেই নয়, একাডেমিক ক্ষেত্রেও নবীন ক্যাডেটদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
দায়িত্ব গ্রহণের বিষয় ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং একই সাথে এক বড় চ্যালেঞ্জ। আমার মূল লক্ষ্য থাকবে আমাদের ক্যাডেটদের বিশ্বমানের প্রশিক্ষণে শিক্ষিত করে তোলা, যাতে তারা আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাংলাদেশের পতাকাকে মর্যাদার সাথে তুলে ধরতে পারে। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা আমাদের প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাব।"
ক্যাপ্টেন সুব্রত কুমার সাহার সুযোগ্য নেতৃত্বে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি দক্ষ ও আন্তর্জাতিক মানের মেরিনার তৈরিতে আরও এক ধাপ এগিয়ে যাবে। তার এই নিয়োগে একাডেমির শিক্ষক ও ক্যাডেটদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।