বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবি উপাচার্যের কাছে ছাত্রশক্তির ১২ দাবি উপস্থাপন

Admin ০১ July ২০২৬ · Wednesday · ০৭:২৬ অপরাহ্ণ
কুবি উপাচার্যের কাছে ছাত্রশক্তির ১২ দাবি উপস্থাপন
কুবি উপাচার্যের কাছে ছাত্রশক্তির ১২ দাবি উপস্থাপন

বাবলু দেব, কুবি প্রতিনিধি :


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়ন ও সংকট নিরসনের জন্য শাখা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে উপাচার্যের কাছে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন, গবেষণায় বাজেট বৃদ্ধি, হলের সিট বণ্টনে স্পষ্টতার বিধান ইত্যাদিসহ ১২টি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।  

বুধবার (১লা জুলাই) দুপুরের দিকে স্মারকলিপিটি প্রদান পরবর্তী জুলাই ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ইত্যাদি নিয়ে আলোচনা করে শাখা ছাত্রশক্তির নেতৃবৃন্দরা।

স্মারকলিপিতে উল্লিখিত ১২ দফা দাবি হলো–কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাস এলাকার খাবারের মানোন্নয়ন ও সুলভ মূল্য নিশ্চিতকরণ, পরিবহনের চালক সংকট নিরসন, ক্যাম্পাস এলাকার মেস ভাড়া নিয়ন্ত্রণ, ছাত্রকল্যাণ ফান্ড সক্রিয়করণ, মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন, ব্যায়ামাগারের উন্নয়ন।

আরো রয়েছে, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, হলে সিট বণ্টনে নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ, পার্শ্ববর্তী বিনোদন কেন্দ্রের শব্দ দূষণ নিয়ন্ত্রণ, ওয়াই-ম্যাক্স বা স্টারলিংকের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা প্রদান ইত্যাদি দাবি জানানো হয়।

এ ব্যাপারে কুবি শাখা ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূঁইয়া বলেন, 'জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের জন্য কথা বলবে। কুবির শিক্ষার্থীদের চাওয়াকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। আশা করব, উপাচার্য স্যার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দাবি গুলো আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন