সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালাই এলজিইডির ওয়েবসাইটে উপজেলা আ.লীগ সভাপতির ছবি, স্থানীয়দের ক্ষোভ

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ১২:৪৪ অপরাহ্ণ
কালাই এলজিইডির ওয়েবসাইটে উপজেলা আ.লীগ সভাপতির ছবি, স্থানীয়দের ক্ষোভ

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

সরকার পরিবর্তনের দীর্ঘ সময় পরও জয়পুরহাটের কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি ওয়েবসাইটের ফটো গ্যালারিতে ২০১৪ সালের একটি রাজনৈতিক কর্মসূচির ছবি থাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, সম্প্রতি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় দ্রুত ছবিগুলো হালনাগাদ করা হবে।

রোববার (৫ জুলাই) সরেজমিনে এলজিইডির কালাই উপজেলা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে দেখা যায়, ফটো গ্যালারিতে দুটি ছবি রয়েছে, যেগুলো ‘মহান বিজয় দিবস-২০১৪’ শিরোনামে প্রকাশিত। ছবিগুলোতে তৎকালীন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাদের দেখা যায়।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হলেও কালাই এলজিইডির ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে পুরোনো এসব ছবি বহাল রয়েছে। এ কারণে সরকারি ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও হালনাগাদ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক কর্মচারী বলেন, সরকারি ওয়েবসাইট নিয়মিত তদারকি ও হালনাগাদের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের। ওয়েবসাইটে অপ্রাসঙ্গিক বা পুরোনো তথ্য দীর্ঘদিন ধরে থাকলে তা দ্রুত সংশোধন করা উচিত।

কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিম বলেন, ‘সরকারি ওয়েবসাইটে কী তথ্য বা ছবি রয়েছে, তা নিয়মিত পর্যালোচনা করা দায়িত্বশীল কর্মকর্তার দায়িত্ব। বিষয়টি অবহেলার কারণে হয়ে থাকলে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।’

স্থানীয় বিএনপি কর্মী মো. লেবু মিয়া বলেন, ‘সরকার পরিবর্তনের পরও সরকারি ওয়েবসাইটে আগের রাজনৈতিক কর্মসূচির ছবি থাকা প্রশাসনিক অবহেলার পরিচয় দেয়।’ তার মতে, ওয়েবসাইটটি সময়োপযোগীভাবে হালনাগাদ করা উচিত।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডল বলেন, সরকারি দপ্তরের ওয়েবসাইটে রাজনৈতিকভাবে স্পর্শকাতর পুরোনো ছবি দীর্ঘদিন বহাল থাকা স্বাভাবিক নয়। তিনি বিষয়টি দ্রুত সংশোধনের দাবি জানান।

কালাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল আলিমও ওয়েবসাইটটি দ্রুত হালনাগাদের প্রয়োজনীয়তার কথা বলেন।

এ বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা এলজিইডির প্রকৌশলী সুমন কুমার দেবনাথ বলেন, দীর্ঘদিন ওয়েবসাইটের পাসওয়ার্ড তাঁর কাছে ছিল না। গত সপ্তাহে পাসওয়ার্ড পাওয়ার পর ওয়েবসাইটে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, ‘আজ একটি বিজ্ঞপ্তি আপলোড করেছি। পুরো ওয়েবসাইট এখনো বিস্তারিতভাবে দেখা হয়নি। পুরোনো ছবিগুলো থেকে থাকলে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় হালনাগাদ করা হবে।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ