রুয়েটে ২০২৫–২৬ সেশনের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরুর সম্ভাবনা ১০ মে
মো:ইসমাইল,রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে নতুন গতি এসেছে। চতুর্থ ধাপের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অবশিষ্ট আসন পূরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর সম্ভাব্য সময়সূচিও জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হতে পারে এবং পরদিন ১০ মে থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে তিন ধাপে মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন হয়ে প্রায় ৯২ শতাংশ আসন পূরণ হয়েছে। অবশিষ্ট আসন পূরণের লক্ষ্যে ৭ এপ্রিল প্রকাশিত চতুর্থ ধাপের বিজ্ঞপ্তিতে ভর্তির বিস্তারিত নির্দেশনা তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে আগামী ২১ এপ্রিল সকাল ১০টায় রুয়েট গেস্ট হাউজে উপস্থিত থাকতে হবে। এ সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই, স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত ফি জমা গ্রহণ করা হবে।
স্বাস্থ্য পরীক্ষাকে ভর্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হয়ে শারীরিক সক্ষমতা যাচাই করতে হবে। রক্ত পরীক্ষাসহ মৌলিক স্বাস্থ্য পরীক্ষাগুলো বাধ্যতামূলক করা হয়েছে এবং কোনো প্রার্থী অযোগ্য বিবেচিত হলে তার ভর্তি বাতিল হতে পারে।
এছাড়া ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের সময় শিক্ষার্থীদের সনদপত্র, নম্বরপত্র, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত ফি জমা দেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক এবং তা ফেরতযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিভাগ নির্বাচন, কোটা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য শর্তাবলিও বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ‘অটো মাইগ্রেশন’ সুবিধা চালু রাখা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের উচ্চতর বিভাগে স্থানান্তরের সুযোগ পাবেন।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও হালনাগাদ নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পুরো ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।