কুড়িগ্রামের বেরুবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম
কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রতিনিধি হিসেবে ধারাবাহিকভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি এবার ইউনিয়নের সর্বোচ্চ জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্যে নির্বাচনী মাঠে নেমেছেন।
মোঃ আশরাফুল ইসলাম ছাত্রজীবন থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। পরে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেরুবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন এবং দুইবার সভাপতি ও একবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বেরুবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বেরুবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি বেরুবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, সামাজিক কার্যক্রম, জনসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আশরাফুল ইসলাম জানান, জনগণের প্রত্যক্ষ সমর্থন ও ভালোবাসা নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, কর্মসংস্থান এবং আধুনিক সেবা নিশ্চিত করে একটি উন্নত, নিরাপদ ও জনবান্ধব বেরুবাড়ী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করেছি। ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের সেবা করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে একটি আধুনিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয় ভোটারদের সঙ্গে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মতামত গ্রহণ করছেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।