কুড়িগ্রামে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে আব্দুল গনি মিয়া
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উত্তরকুমারপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল গনি মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিতভাবে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ, ঈদ উপলক্ষে উপহার প্রদান, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদানসহ নানা ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এছাড়া এতিম শিশুদের সহায়তা, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া উৎসবের আয়োজন এবং খেলাধুলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয়দের ভাষ্যমতে, এর আগে তিনি নিজ উদ্যোগে একই ইউনিয়নের চারটি অসচ্ছল পরিবারের জন্য বসবাসযোগ্য ঘর নির্মাণ করে দেন, যা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফারাজীপাড়া এলাকায় কয়েকটি অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন তিনি।
এ সময় মৃত বাটকার মিস্ত্রির ছেলে মজিবুর রহমানের পরিবারের জন্যও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে বসবাসের উপযোগী ঘরের অভাবে পরিবারটি মানবেতর জীবনযাপন করে আসছিল বলে স্থানীয়রা জানান।
পরে মোঃ আব্দুল গনি মিয়া গৌরের খামার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মসজিদের সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
এ বিষয়ে মোঃ আব্দুল গনি মিয়া বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, আব্দুল গনি মিয়ার ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।