কালাইয়ে বৃক্ষমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে জয়পুরহাটের কালাইয়ে তিনদিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে কালাই উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। বেলুন উড়ানোর পর ফিতা কেটে তিনি মেলার উদ্বোধন ঘোষনা করেন। বগুড়ার সামাজিক বন বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেন। উদ্বোধনের পর মন্ত্রী গাছের চারা রোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার প্রমুখ। আগামী ২৭ জুলাই এ মেলা শেষ হবে। মেলায় বিভিন্ন নার্সারি থেকে নানা প্রজাতির বনজ, ফলজ এবং বিরল প্রজাতির ফুলের চারা বিক্রির উদ্দেশ্যে প্রদর্শিত করা হয়েছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীকে সাথে নিয়ে উপজেলার মাত্রাই ইউনিয়নে সমশিরা গ্রামে গিয়ে তাঁর নানা-নানীর কবর জিয়ারত করেছেন।