কাশিয়ানীতে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১০
মো: আাল-মাহফুজ শাওন
সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ; গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে মাসুদ ফকির (৬০), আমিন ফকির (৩০), নজু বেগম (৫০) ও কামিনী বেগম (৩৫)-কে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর পক্ষের অন্তত ৩ জন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্র কুমার বিশ্বাস জানান, ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।