মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ময়মনসিংহে মোবাইল কোর্টের অভিযান জোরদার: সড়ক আইন লঙ্ঘনে ১৫ জনকে জরিমানা

Admin ১০ April ২০২৬ · Friday · ০১:০৫ অপরাহ্ণ
ময়মনসিংহে মোবাইল কোর্টের অভিযান জোরদার: সড়ক আইন লঙ্ঘনে ১৫ জনকে জরিমানা
ময়মনসিংহে মোবাইল কোর্টের অভিযান জোরদার: সড়ক আইন লঙ্ঘনে ১৫ জনকে জরিমানা

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ
ময়মনসিংহে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, মুক্তাগাছা উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ লুবনা আহমেদ লুনা ফিলিং স্টেশনগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তদারকি করা হয় জ্বালানি তেলের মান, পরিমাপ এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়াদি। একইসাথে সড়ক পরিবহন আইন অমান্য করে আনরেজিস্টার্ড মোটরসাইকেল চালানোর দায়ে ৩ জন আরোহীকে মোবাইল কোর্টে তিনটি পৃথক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট টাউন হল মোড় ও জয়নুল আবেদীন পার্ক এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং রেজিস্ট্রেশন ছাড়া মোটরযান চালানোর অভিযোগে ১২ জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটগণ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সতর্ক করেন এবং আইন মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসন, ময়মনসিংহ সূত্রে জানানো হয়, জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন