বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

একাধিক মামলার আসামি ‘চুয়া সেলিম’ গ্রেফতার, র‍্যাবের উদ্বেগ জামিন নিয়ে

অনলাইন ডেস্ক ২২ August ২০২৬ · Saturday · ০১:৫০ অপরাহ্ণ
একাধিক মামলার আসামি ‘চুয়া সেলিম’ গ্রেফতার, র‍্যাবের উদ্বেগ জামিন নিয়ে

মাসুদ মাহাতাব:

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিম’কে গ্রেফতার করেছে র‍্যাব-২। র‍্যাবের দাবি, হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে।

শুক্রবার, ২১ আগস্ট  রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

র‍্যাব-২ অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনা সহ মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে মোট ৩৬টি মামলা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকেও তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একাধিক মামলার আসামিরা গ্রেফতার হলেও আইনগত প্রক্রিয়ায় পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনক।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন