ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশীপ পেলেন বেরোবি শিক্ষার্থী বাইজিদ
বেরোবি প্রতিনিধি:
উচ্চশিক্ষা ও গবেষণায় অনন্য সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর প্রাক্তন শিক্ষার্থী বাইজিদ আহমেদ। তিনি ভারতের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি কানপুর-এ মার্কেটিং ডোমেইনের অধীনে Teaching Assistantship-সহ ফুল ফাউন্ডেড পিএইচডি স্কলারশিপ পেয়েছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৮ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক বাইজিদ আহমেদ। তাঁর বাড়ি গাজীপুর জেলার কোনাবাড়িতে। এ বছরের জুলাই মাসে তিনি এই পিএইচডি প্রোগ্রামে যুক্ত হয়েছেন।
তিনি এটির আওতায় শিক্ষক সহকারী বৃত্তি , মাসিক উপবৃত্তি, গবেষণা সম্মেলনে অংশগ্রহণের জন্য ভ্রমণ ভাতা ,স্বাস্থ্য সুবিধা, একাডেমিক খরচের জন্য আর্থিক সহায়তার সুবিধা পাবেন।
গবেষণার শুরু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জানিয়ে তিনি বলেন,বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমি একাডেমিক ক্যারিয়ারের স্বপ্ন দেখতাম। আমি কৃতজ্ঞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি যেখান থেকে আমার গবেষণার যাত্রা শুরু।
বিশ্ববিদ্যালয় পরবর্তী যাত্রা সম্পর্কে তিনি বলেন,চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করার পর থেকেই আমি প্রতিনিয়ত নিজের ডোমেইনে রিসার্চের কাজে মনোনিবেশ করি। আইআইটির মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো হতে পারে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি সেরা প্ল্যাটফর্ম, আমার বিশ্বাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমার এই সাফল্য অনুপ্রাণিত করবে আগামী দিনগুলোতে রিসার্চ এবং একাডেমিক ক্যারিয়ারে ফোকাস করার হ্মেত্রে।
নিজের এ সাফল্য সম্পর্কে তিনি বলেন, আমার এই সাফল্য তাই আমি উৎসর্গ করতে চাই আমার সেই প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় ছোট ভাই-বোনদেরকে যারা আগামী দিনে গবেষণা এবং উচ্চশিক্ষায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়।
উল্লেখ্য তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা হিসেবে রয়েছেন।