রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে ফুলের শুভেচ্ছা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁর নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে কুড়িগ্রাম জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (২৬আগস্ট) এ শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান এবং ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুক আহমেদ।
শুভেচ্ছা প্রদানকালে বক্তারা বলেন, রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর ত্যাগ, সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে তিনি সুপরিচিত।
তাঁর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব গ্রহণে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সফলতা কামনা করেন উপস্থিতরা।
এ সময় কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের পক্ষ থেকেও রুহুল কবির রিজভীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।