বাজিতপুরে ফেরিঘাটে ব্রেক ফেল: নদীতে পড়লো পণ্যবাহী ট্রাক, শ্রমিক নিহত
ইফরানুল হক সেতু,বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় আপন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আপন দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা ঈসরাফিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পণ্যবাহী ট্রাক ফেরিতে ওঠার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ঘাটে থাকা শ্রমিক আপন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার স্থানীয়রা ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানবাহন ওঠানামার সময় কর্তপক্ষের কঠোর তদারকির দাবি জানিয়েছে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।