দেশে বাড়ছে হাম: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭৮
**মো: আল-মাহফুজ শাওন **
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৭ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হাম সন্দেহে ১,১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে ৩৭ জন এবং সন্দেহজনকভাবে আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে ৩,১৯২ জন হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১,৪৬৭ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে মোট আক্রান্তের সংখ্যা ১,২৭৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগেও মৃত্যুর হার উল্লেখযোগ্য।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।