রাজধানীতে চিকিৎসককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
মো: আল-মাহফুজ শাওন,নিজস্ব প্রতিবেদক, ঢাকা:** রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন জানান, অফিস শেষে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় তারা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত হাসপাতালে গিয়ে আহত চিকিৎসকের খোঁজখবর নেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।