প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ
আশরাফুল আহমদ, সিলেট প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটস-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ স্কাউটসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে দেশের তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দেশপ্রেম, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির অবদান সম্পর্কে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ স্কাউটসের কার্যক্রমের অনেক প্রশংসা করেন এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে স্কাউট আন্দোলনের পরিধি আরও ব্যাপকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একটি দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম অত্যন্ত কার্যকর অনেক ভূমিকা রাখতে পারে ।
এ সময় প্রধানমন্ত্রী স্কাউটদের প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং গ্রামীণ পর্যায়ে স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
পাশাপাশি তিনি স্কাউট সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সেবা ও মানবিক সেবা কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকলের প্রচেষ্টায় উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্কাউটস ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিদলের একটি সৌজন্য ছবি তোলা হয় এবং উভয় পক্ষ দেশের তরুণ সমাজের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।