নিকলীতে খাস জমি দখলমুক্তে প্রশাসনের নির্দেশ, উচ্ছেদে সময়সীমা
আল-আমিন হাসান , নিকলী উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের ধারীশ্বর গ্রামে সরকারি খাস জমি দখলমুক্ত করতে পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধারীশ্বর মৌজায় সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রেহেনা মজুমদার মুক্তি। এ সময় তিনি সরকারি জমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের সত্যতা পান।
স্থানীয় সূত্র জানায়, ধারীশ্বর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান ‘ধারীশ্বর নুরে মদিনা সুন্নী জামে মসজিদ’-এর জন্য একটি জমি দান করেন। তবে মসজিদের পার্শ্ববর্তী ধারীশ্বর মৌজার ১ নম্বর খতিয়ানের ৮১ নম্বর দাগভুক্ত সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মাটি ভরাট ও স্থায়ী স্থাপনা নির্মাণ করে দখলে রেখেছে। এতে মসজিদের পরিবেশ ও স্থানীয় জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দখলদারদের সীমানা চিহ্নিত করে দেন এবং আগামী ২৪ এপ্রিলের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি না করলে আইনানুগভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি বলেন, সরকারি সম্পত্তি ব্যক্তিস্বার্থে ব্যবহারের কোনো সুযোগ নেই। খাস জমি দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এ পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, দ্রুত সময়ের মধ্যেই সরকারি জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।