বাজিতপুরে স্বাস্থ্য কেন্দ্রে আলোচনা সভা ও র্যালির মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
মো. জসিম উদ্দিন বাজিতপুর প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুরে আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু, কৈশোরকালীন কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল মিয়া, উপজেলা প্রকৌশলী বনি আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জসিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন মুন্সি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করা এবং পুষ্টিহীনতা দূরীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।