রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

ঢাবিতে সাংবাদিকদের হামলা: জড়িতদের শাস্তির দাবি যবিপ্রবি সাংবাদিক সমিতির

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৫২ পূর্বাহ্ণ
ঢাবিতে সাংবাদিকদের হামলা: জড়িতদের শাস্তির দাবি যবিপ্রবি সাংবাদিক সমিতির
ঢাবিতে সাংবাদিকদের হামলা: জড়িতদের শাস্তির দাবি যবিপ্রবি সাংবাদিক সমিতির

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। পাশাপাশি হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে যবিপ্রবিসাসের সভাপতি দৈনিক ইনকিলাবের যবিপ্রবি প্রতিনিধি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের যবিপ্রবি প্রতিনিধি মোঃ শেখ সাদি ভুঁইয়া এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে এবং থানা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ হামলার ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রযেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক কালের কণ্ঠের ঢাবি প্রতিনিধি মানজুর হোছাঈন মাহি, সাধারণ সম্পাদক দৈনিক আগামীর সময়ের ঢাবি প্রতিনিধি লিটন ইসলাম। এছাড়া ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাইমুর রহমান ইমন, দেশ রূপান্তরের খালিদ হাসান, ঢাকা ট্রিবিউনের সামশুদ্দৌজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, রাইজিংবিডির সৌরভ ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খানসহ ১০ জন সাংবাদিক আহত হয়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ছাত্রদলের কিছু নেতা-কর্মী প্রথমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়, তাদের ভিডিও ধারণে নিষেধ করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এরপর তারা সংঘবদ্ধভাবে এলোপাতাড়ি আক্রমণ চালিয়ে সাংবাদিকদের ওপর শারীরিকভাবে চড়াও হয়। এটি একটি সংগঠিত সন্ত্রাসী মানসিকতারই বহিঃপ্রকাশ, যা গণতান্ত্রিক পরিবেশকে ভীতসন্ত্রস্ত করে তোলে।

ঢাবিসাস ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, এই হামলায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহবায়ক আবুজার গিফারী ইফাদের নেতৃত্বে অংশ নেয় ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় একাত্তর হল ছাত্রদলের নেতা এবং হল সংসদ সদস্য সুলায়মান হোসেন রবি, বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন ও বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক সায়িদ হাসান সাদ, মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সদস্য কারিব চৌধুরী ও জাহিন ফেরদৌস জামি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মমিতুর রহমান পিয়াল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের সদস্য পদপ্রার্থী সানিন সায়েদসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

যবিপ্রবিসাসের নেতৃবৃন্দ মনে করেন, স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের বিবেক। প্রথমে লাঞ্ছিতের ঘটনা, তারপর সংঘবদ্ধ হামলা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে না। সাংবাদিক পরিচয় পাওয়ার পরেও চড়াও হওয়া এবং মারধর করা রাজনৈতিক হিতাহিতজ্ঞানশূন্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। যা পরবর্তী স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়ে যায়।

যবিপ্রবি সাংবাদিক সমিতি অবিলম্বে জড়িত সকল হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোড়ালো আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ