রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, মামলায় যুবদল নেতা আসামী

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৯:৩৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, মামলায় যুবদল নেতা আসামী
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, মামলায় যুবদল নেতা আসামী

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আলোচিত স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় যুবদল নেতাকে আসামী করে  একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় যুবদলের এক নেতাকে প্রধান আসামি করে আরো দুজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে, যদিও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে।
গত ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) এর ওপর দুর্বৃত্তরা ব্রাশফায়ার ও শর্টগান দিয়ে গুলিবর্ষণ করে। এতে রবিউল ইসলামসহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে তারা গুরুতর জখম হয় এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন, রবিউল ইসলাম (৩৬), তার পিতা মো. হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫) ও তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা (২৫), এবং মেহেদী হাসান (৬৫)।
ঘটনার পরদিন ২১ এপ্রিল রবিউল ইসলামের ভাই রুহুল আমিন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মরিচা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল হোসেন প্রধান আসামী করে, সদস্য মোঃ রাকিবুল (৩২), ইটভাটার শ্রমিক মোঃ স্বপন (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে মামলা করা হয়। 
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গ্রামবাসীদের দাবি, রবিউল ইসলাম ও এলাকার সাবেক ইউপি সদস্য লিয়াকত সরদার অবৈধ বালুঘাট দখল ও উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় এক মাস আগে এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই বিরোধের জেরে রবিউল ইসলাম তার দলবল নিয়ে লিয়াকত সরদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
এ বিষয়ে সাবেক মেম্বার লিয়াকত সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। পরবর্তীতে তিনি ফোনটি বন্ধ করে রাখেন।
এদিকে, মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে মাজদিয়াড় গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা ও অভিযুক্তদের সমর্থকেরা। 
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানো হয়েছে।

তারা জানান, ঘটনার রাতে একদল মুখোশধারী ব্যক্তি রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পূর্ব বিরোধের জের ধরে এ মামলা করা হয়েছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা হেলাল হোসেন দাবি করেন, ঘটনার সময় তিনি এলাকায় একটি চায়ের দোকানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে চা খাচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনতে পান, তবে ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ