রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

খুলনায় প্রথমবার ময়ূর নদে ভেলা বাইচ, দর্শকদের ঢল

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৯:৪০ পূর্বাহ্ণ
খুলনায় প্রথমবার ময়ূর নদে ভেলা বাইচ, দর্শকদের ঢল
খুলনায় প্রথমবার ময়ূর নদে ভেলা বাইচ, দর্শকদের ঢল

মো: আল-মাহফুজ শাওন 
খুলনা মহানগরীর ময়ূর নদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীর ও সেতুতে নেমে আসে মানুষের ঢল।

খুলনা দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। দুই রাউন্ড শেষে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে প্রথম স্থান অর্জন করেন মনিরুল, দ্বিতীয় হন অহিদুল এবং তৃতীয় স্থান লাভ করেন আলামিন শেখ। বিজয়ী সবাই তেরখাদা উপজেলার বাসিন্দা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

আয়োজকরা জানান, দীর্ঘদিনের অবহেলা, অবৈধ দখল ও দূষণে ময়ূর নদ বর্তমানে বিপর্যস্ত। নদীর বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ, মাছের ঘের এবং দখলদারিত্বের কারণে স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। দূষণে পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। এই বাস্তবতা তুলে ধরতে এবং নগরবাসীকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনাকে একটি বাসযোগ্য ও সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদকে বাঁচানো জরুরি। এ ক্ষেত্রে অবৈধ দখল উচ্ছেদ ও নদী পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ময়ূর নদ রক্ষা ছাড়া খুলনার টেকসই উন্নয়ন সম্ভব নয়। নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই নগরে বিনোদন ও পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।”

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ