রুয়েট ক্যান্টিনের খাবারে ভেজাল মেশানোর সময় বাবুর্চি আটক
মো: ইসমাইল, রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসের একটি ক্যান্টিনে খাবারে অনিয়মের অভিযোগে এক বাবুর্চিকে আটক করা হয়েছে। রান্না করা খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় তিনি সিসিটিভি ফুটেজে ধরা পড়েন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। ক্যান্টিনে প্রস্তুত খিচুড়িতে অস্বাভাবিকভাবে লবণ মেশানোর দৃশ্য নজরে আসলে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। পরে সংশ্লিষ্ট বাবুর্চিকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরিস্থিতি বিবেচনায় ক্যান্টিন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করে।
মতিহার থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্যান্টিন সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছিল। নজরদারি জোরদার করার পর এ ধরনের অনিয়ম সামনে আসে। তাদের ধারণা, ঘটনাটির পেছনে পরিকল্পিত কোনো উদ্দেশ্যও থাকতে পারে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আটক ব্যক্তির সঙ্গে আশপাশের একটি রেস্তোরাঁর সম্পৃক্ততা রয়েছে, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।
উল্লেখ্য, ক্যাম্পাসের ক্যান্টিনগুলোতে খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হচ্ছিল।