পুলিশকে জনবান্ধব ও সেবামুখী হতে হবে: আইজিপি মো. আলী হোসেন ফকির
মো: আল-মাহফুজ শাওন
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো:আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে শুরু করে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, “পুলিশ জনগণের সেবক—জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”
শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধানসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ।
আইজিপি থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। আইনি ক্ষমতা প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিজিটাল প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিংসহ আইন প্রয়োগের সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে।
মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের সচেতন ও ভালো মানুষদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা বা অপরাধের ঘটনায় তাৎক্ষণিক তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।
সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা আইজিপির কাছে তুলে ধরেন। আইজিপি মনোযোগ সহকারে তা শুনে সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি , কমান্ড্যান্ট সহ বিভিন্ন জেলার পুলিশ সুপারবৃন্দ।
এর আগে আইজিপি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। পরিবেশ সংরক্ষণে তিনি সেখানে একটি জাবুটিকাবা গাছের চারা রোপণ করেন।
এদিন সকাল সাড়ে ৯টায় খুলনার লবণচরা গুলজান সিটিতে লবণচরা থানার নির্মাণাধীন নতুন ভবনের কাজ পরিদর্শন করেন আইজিপি। কাজের অগ্রগতি ও মান পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি থানা প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।