কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় দিবসটি পালন উপলক্ষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে বন্যার্ঢ্য রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবস টি পালন করা হয়। বন্যার্ঢ্য র্যালি উদ্বোধন করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার।
পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার, জেলা ও দায়রা জজ(নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক জয়নাল আবেদীন, স্পেশাল জজ তপন রায়, সিনিয়র জজ ( সিভিল) ও লিগ্যাল এইড অফিসার মোঃ তারিক হাসানসহ বিভিন্ন আদালতের বিজ্ঞ বিচারকগণ, বিভিন্ন আদালতের পিপি ও জিপি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার বলেন, গত এক বছরে জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ১৫ হাজার ব্যক্তিকে সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকার আইনি সহায়তা প্রদান করায় সাধারণ মানুষ এখান থেকে আইনি সহায়তা নিয়ে উপকৃত হচ্ছে।
লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জজ (সিভিল) মোঃ তারিক হাসান বলেন, গত এক বছরে কুষ্টিয়ায় লিগ্যাল এইডের মাধ্যমে ১৫১৫টি মামলার মধ্যে ১৪২৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ৮০টি পোস্ট কেসের মধ্যে ৭৪টি নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে ২ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ১০০টাকা আদায় করা হয়েছে। ছাড়াও আইনি পরামর্শ প্রদান করা হয়েছে ২ হাজার ৯ জনকে।