আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনের বিরুদ্ধে অপপ্রচার; এলাকাবাসীর প্রতিবাদ
মোঃ সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে।
ভিত্তিহীন সংবাদের নেপথ্যে, স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি দায়িত্ব পালনের সময় কোনো বিশেষ গোষ্ঠীর অনৈতিক আবদার পূরণ না করায় ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান রোকনের সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল সক্রিয় হয়েছে। কোনো প্রকার যাচাই-বাছাই ও নথিপত্র ছাড়া জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি পরিকল্পিত সংবাদ প্রচার করা হচ্ছে, যার কোনো আইনি ভিত্তি নেই।
এ বিষয়ে অপপ্রচারের শিকার ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান রোকন বলেন, “আমার দীর্ঘ কর্মজীবনে আমি সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “আন্ধারীঝাড় ইউনিয়নে যোগদানের পর থেকে আমি সরকারি নিয়ম মেনে সেবাপ্রার্থীদের সেবা দিয়ে আসছি। একটি কুচক্রী মহল তাদের অনৈতিক স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য ও কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে কথা হলে তারা বলেন, ভূমি কর্মকর্তা সুন্দরভাবে সেবা দিয়ে আসছেন; তার বিষয়ে আমরা কখনো খারাপ কিছু শুনিনি।
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ মন্ডল বলেন, “তার সম্পর্কে আমরা কখনো খারাপ কিছু পাইনি; তবে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পুরো বিষয়টি বলা যাবে।”
এদিকে, আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ১০৮ জনের স্বাক্ষরিত একটি লিখিত দরখাস্ত জমা দেওয়া হয়েছে।